এই জয়ে তিনে উঠে গেল ইউনাইটেড। শেষ হয়ে গেল লিভারপুলের শীর্ষ চারে থাকার কিঞ্চিৎ সম্ভাবনাটুকু।
সেরা চারের ফয়সালা হয়ে গেল শেষ রাউন্ডের আগেই। ইংলিশ ফুটবল থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড।
৩৭ ম্যাচে ২২ জয় ও ৬ ড্রয়ে টেন হাগের দলের ৭২ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল। আর্সেনালের ৮১ ও চ্যাম্পিয়ন সিটির ৮৯ পয়েন্ট।
৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে চেলসি।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপ ফাইনালের ৯ দিন আগে টেন হাগের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে চেলসির বিপক্ষে আন্তোনির চোট। প্রথমার্ধে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
চতুর্থ মিনিটেই প্রথম সুযোগটি পায় চেলসি। কিন্তু বক্সের ভেতর সতীর্থের পাস ভালো পজিশনে পেয়ে ঠিকমতো শটই নিতে পারেননি মিখাইলো মুদ্রিক। উল্টো দুই মিনিট পর গোল খেয়ে বসে সফরকারীরা। বাঁ দিক থেকে ক্রিস্তিয়ান এরিকসেনের ফ্রি কিকে ছয় গজ বক্সের মুখে হেডে ইউনাইটেডকে এগিয়ে নেন কাসেমিরো।
ভিএআর পরীক্ষায় টিকে যায় কাসেমিরোর গোল। টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। চলতি প্রিমিয়ার লিগে তার মোট গোল হলো চারটি।
২০তম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ একটি সুযোগ পান মার্সিয়াল। আন্তোনির পাস বক্সে পান তিনি। তার সামনে একমাত্র বাধা গোলরক্ষক, কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি ফরাসি ফরোয়ার্ড।
২৫তম মিনিটে চেলসির ডিফেন্ডার ট্রেভো চালোবাহর চ্যালেঞ্জে অ্যাঙ্কেলে আঘাত পান আন্তোনি। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর তাকে বাইরে নেওয়া হয় স্ট্রেচারে করে। তার বদলি নামেন র্যাশফোর্ড। চোট ও অসুস্থতায় দলের আগের দুই ম্যাচে তিনি খেলতে পারেননি।