করোনায় মানুষের অনলাইননির্ভরতা বেড়ে যাওয়ায় বসন্তকে সামনে রেখে অনলাইনে ফুলের ডালি সাজিয়ে বসেছে পাপড়ি ডটকম। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা কাজী ফৌজিয়া হোসেন জানান, বরাবরের মতো এবারও বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ অফার রয়েছে তাঁদের। এ ছাড়া অনলাইনে ব্র্যাক ব্যাংকের কার্ডে ফুলের তোড়া কিনলে রয়েছে ১৫ শতাংশ ছাড়। কাজী ফৌজিয়া আরও বলেন, ‘করোনার মধ্যেও ঘরবন্দী অনেক মানুষ প্রিয়জনকে ফুল উপহার দিতে অনলাইনকে বেছে নিয়েছিলেন। বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করেও এখন পর্যন্ত আমাদের বিক্রি ভালো।’
অনলাইনভিত্তিক বিভিন্ন ই–কমার্স প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পণ্য বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, এবার একক কোনো কোম্পানির বিক্রি বাড়ছে, এমনটা নয়। সবারই কমবেশি বিক্রি বেড়েছে। জানতে চাইলে অনলাইনভিত্তিক দেড় হাজার উদ্যোক্তার সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ এনবি নিউজকে বলেন, গত বছর করোনার কারণে অনলাইনে কেনাকাটা ব্যাপক হারে বেড়েছিল। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষেও কেনাবেচা বেড়েছে অনলাইনে।