চিড়িয়াখানাটির ভারপ্রাপ্ত কিউরেটর শাহদাত হোসেন এনবি নিউজকে বলেন, ‘আমরা কয়েক মাস ধরে দেশের ভেতর থেকে সিংহ-সিংহীর একটি জুটি সংগ্রহের চেষ্টা করছিলাম। দেশের সাফারি পার্কগুলোর কাছে চেয়ে তা পাইনি। পরে দক্ষিণ আফ্রিকা থেকে আমদানির সিদ্ধান্ত হয়। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে দুই বছরের কম বয়সী সিংহ-সিংহীর একটি জুটি আমাদের চিড়িয়াখানায় এসে পৌঁছানোর কথা রয়েছে।’
একই দেশ থেকে আটটি ওয়াইল্ড বিস্ট আসার কথা রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। এ ছাড়া কিছুদিন আগে দেশটি থেকে ক্যাঙারু, লামা ও ম্যাকাও পাখি এসেছে।
ভারপ্রাপ্ত কিউরেটর শাহদাত হোসেন বলেন, চিড়িয়াখানায় থাকা একমাত্র সিংহী নোভা বুড়িয়ে গেছে। এ কারণেই কম বয়সী সিংহ-সিংহীর একটি জুটি আনার বিষয়টি সামনে আসে। এর সঙ্গে আরও চার ধরনের প্রাণী দক্ষিণ আফ্রিকা থেকে আনার সিদ্ধান্ত হয়। এক জুটি সিংহ-সিংহী, ক্যাঙারু, লামা, ওয়াইল্ড বিস্ট, ম্যাকাও পাখি আমদানি বাবদ খরচ পড়ছে ১ কোটি ৬৯ লাখ টাকা।
সিংহ-সিংহী সাধারণত ১৫ থেকে ১৮ বছর বাঁচে। আড়াই থেকে তিন বছর বয়সেই তারা প্রজননক্ষম হয়। ১২ বছর পর তাদের প্রজনন ক্ষমতা আর থাকে না। নোভার বয়স ১৭ বছর পেরিয়ে গেছে।