আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পেশাগত পরীক্ষার ফরম পূরণে প্রায় ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে আর্থিক সংকটের কারণে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই সংগঠনটির পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পেশাগত পরীক্ষার ফরম পূরণের গুরুত্বপূর্ণ সময়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে সমস্যার মুখোমুখি হন। এসব শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখতে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সেহেদি রিফাত জানান, শিক্ষার্থীদের যেকোনো সংকট ও প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় থেকেই এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আর্থিক সহায়তা পাওয়া শিক্ষার্থীরা নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আর্থিক সংকটের সময় সহপাঠীদের কাছ থেকে এমন সহযোগিতা শুধু পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করে না, বরং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় করে।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার এমন উদ্যোগ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্বস্তির বার্তা। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও সহযোগিতামূলক মূল্যবোধ তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।