জনসভা সফল করার জন্য নগরের বিভিন্ন স্থানে এসব পোস্টার চোখে পড়ছে। অনেক ক্ষেত্রে রাস্তার মোড়ের ট্রাফিক সংকেতবাতি, সড়কদ্বীপ, বাঁকও ঢেকে গেছে পোস্টার–ব্যানারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি ও সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, বর্তমান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীসহ বিভিন্ন নেতার নামে পোস্টার ও ব্যানার শোভা পাচ্ছে।
তবে এসব ব্যানার ফেস্টুনের বেশির ভাগ টাঙিয়েছেন এই শীর্ষ নেতাদের অনুসারীরা। শীর্ষ নেতাদের নামে হলেও মূলত তা নিজেদের প্রচার। এ বিষয়ে জানতে চাইলে আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘ ১১ বছর পর চট্টগ্রামে জনসভা করছেন, এ জন্য নেতা–কর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা তৈরি হয়েছে। কেউ কেউ নিজেকে প্রকাশ করার জন্য কিংবা সাধারণ মানুষের কাছে উপস্থাপনের জন্য নিজের ছবি দিয়ে জনসভার প্রচারণা চালাচ্ছেন। এটা দোষের কিছু নয়।