কুতুবের আরেকটি বাড়ি রয়েছে হাসনাবাদের খামারবাড়ি রোডে। সেখানে ৭০৩ নম্বর প্লটে নির্মাণাধীন চারতলা বাড়িটি তাঁর। ওই বাড়ির গেটে গতকাল দুপুরে তালা ঝোলানো ছিল। পাশের বাড়ির নিরাপত্তাকর্মী দুলাল মিয়া এনবি নিউজকে বলেন, বছরখানেক ধরে বাড়িটির নির্মাণকাজ বন্ধ রয়েছে। বাড়িটি রনি (কুতুব উদ্দন) চেয়ারম্যানের।
২০১৬ সালে সাতকানিয়ার ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিপুল ভোটে হেরে যান কুতুব। তবে লোকজনের কাছে তিনি ‘রনি চেয়ারম্যান’ হিসেবে পরিচিতি পান।
এনবি নিউজ এর সাতকানিয়া প্রতিনিধি জানান, কুতুব উদ্দিন সাতকানিয়ার একটি আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেন। পরে তিনি চট্টগ্রামে নগরে ও ঢাকায় থাকতেন। স্থানীয় লোকজন বলছেন, ব্যবসার কাজে মাঝেমধ্যে তিনি মালয়েশিয়া আসা-যাওয়া করতেন এমনটা জানতেন। ঢাকার নবাবপুরে কুতুবের ব্যবসাপ্রতিষ্ঠান আছে বলেও এলাকার প্রচার রয়েছে। তবে এলাকার লোকজন এখন জানেন, কুতুব মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুতুব হেরে গেলেও প্রায় ৪৫ লাখ টাকা খরচ করেছিলেন—এমন প্রচার আছে এলাকায়।
বসুন্ধরা রিভারভিউ এলাকার এ ব্লকের ৮ নম্বর রোডে ৪৮৭ প্লটের ৯তলায় থাকে কুতুব উদ্দিনের পরিবার। ওই বাড়ির নিরাপত্তাকর্মী মো. শহীদ গতকাল এনবি নিউজকে বলেন, বাড়ির একটি ফ্ল্যাট ছাড়া বাড়িগুলো বিক্রি হয়ে গেছে। শহীদের মাধ্যমে কুতুব উদ্দিনের পরিবারের সঙ্গে কথা বলতে চান এই প্রতিবেদক। তবে তাঁরা কেউ কথা বলতে রাজি হননি।
এর আগে গত বৃহস্পতিবার কাপ্তান বাজারের গিয়ে মেসার্স রনি এন্টারপ্রাইজ নামের কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সেখানকার কয়েকজন ব্যবসায়ী বলেন, ওই নামে কাপ্তান বাজারে কোনো দোকান কখনোই ছিল না। তবে এ নামের একটি দোকান আগে পুরান ঢাকার নবাবপুর এমএস ইলেকট্রনিকস বিপণিবিতানের তৃতীয় তলায় ছিল।
নবাবপুর এমএস ইলেকট্রনিকস বিপণিবিতানের দোকান মালিক সমিতির সভাপতি কামাল হোসেন গতকাল এনবি নিউজকে বলেন, তিন থেকে চার বছর আগে ওই দোকানটি বন্ধ করে দেওয়া হয়। ওই দোকানে কী কেনাবেচা হতো সেটা বলতে পারেননি তিনি।