সরকার অবশেষে করোনার অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন থেকে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সরকারি ও বেসরকারিভাবে অ্যান্টিবডি টেস্ট করা যাবে।
কোনো কোনো রোগে আক্রান্ত হলে মানুষের শরীরে রোগ প্রতিরোধক্ষমতা গড়ে ওঠে, মূলত এটাই অ্যান্টিবডি। শরীরে অ্যান্টিবডি তৈরি হলে সাধারণত আবার সেই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। তবে বিজ্ঞানীরা নিশ্চিত নন করোনায় আক্রান্ত শরীরে কত দিন অ্যান্টিবডি থাকবে।
জনস্বাস্থ্যবিদেরা কয়েক মাস ধরেই অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেওয়ার কথা বলে আসছেন। এই পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব কে আক্রান্ত হয়েছেন, কে হননি। একমাত্র গবেষণার কাজে এই পরীক্ষার অনুমতি ছিল। এখন অন্য কাজেও তা ব্যবহার করা যাবে।
এ ব্যাপারে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক তাহমিনা শিরিন বলেন, কার অ্যান্টিবডি আছে কার নেই, তা বিবেচনা করে করোনার টিকা দেওয়া হবে না। টিকা সবাইকেই দেওয়া হবে।
তবে কোন কোন প্রতিষ্ঠানে অ্যান্টিবডি পরীক্ষা করা যাবে, তা স্পষ্ট করেনি স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক মো. নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের জানা নেই। জেনে জানাতে হবে।’
সাহো/২৫ জানুয়ারি’২০২১