এনবি নিউজ ডেস্ক : পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভায় নির্বাচন আজ। এ ধাপে প্রচার শুরুর পর থেকেই হুমকি, মামলা আর ধরপাকড়ের অভিযোগ করে আসছিলেন নৌকার বিপক্ষে দাঁড়ানো প্রার্থীরা। সংঘাত হয়েছে প্রচারণার শেষ অবধিই, তাতে নানা শঙ্কায় ভোটাররা।
নির্বাচনের এক সপ্তাহ আগেই গত সোমবার চাঁদপুরের মতলব পৌরসভার নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী এনামুল হক (বাদল) ভোটের প্রচারে বাধাদান এবং সরকারদলীয় নেতা-কর্মীদের হামলা-মামলার হুমকির অভিযোগ তুলে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর আরও কয়েকটি পৌরসভায় ধানের শীষের প্রার্থীরা সংবাদ সম্মেলন করে হুমকি ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। রয়েছে হয়রানিমূলক মামলা ও ধরপাকড়ের অভিযোগও।
প্রচারণার সময়জুড়েই ছিল সংঘাতের খবর। প্রচারণার সময় শেষ হওয়ার পরও সংঘাত হয়েছে ভোলা পৌরসভায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্নপাড়ায় শনিবার বেলা একটার দিকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। কাউন্সিলর প্রার্থী আবদুর রব (উটপাখি) ও ওমর ফারুকের (ডালিম) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শুক্রবার রাতেও এ দুই পক্ষের সমর্থকেরা সংঘাতে জড়ান। এ সময় সব মিলিয়ে ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর হয়েছে নির্বাচনী কার্যালয়, দোকানপাট, বোরাক-রিকশা ও মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে নেমেছে।